কবিতা : সন্ধান চাই





 




সম্প্রতি মুখমণ্ডল ফাঁড়ি এলাকার ঠোঁটপল্লীর মাঝের ফাঁক পাড়ার ৩২/২ পাটি লেনের নিজস্ব বাড়ি থেকে হাঁড়িমুখে নিখোঁজ হয়েছেন হাসি।পিতার নাম সুখ আনন্দ ও মাতা শান্তিময়ী দেবী।



বিবরণ :নিখোঁজ  হওয়ার সময় পরনে ছিল ' মলিন বসন' কোম্পানির ফ্যাকাসে রঙের পোশাক।


বয়স : সঠিক জানা নেই।এ সম্পর্কে নানা মুনি নানা মত পোষন করেন।


গায়ের রঙ : ঝলমলে।


প্রিয় খাদ্য : আবেগ।


বিশেষ চিন্হ : আড়চোখে তাকালে বাঁ চোখের তারায় আলতো পটলচেরা দাগ।


মাতৃভাষা : প্রাণখোলা।তাছাড়াও হি-হি, হো-হো, মুচকি, অট্ট, মাপা, আঁতেল, গোঁফেল ও টোল ভাষাতেও চোস্ত।


পছন্দের স্থান : গালের টোল,ঠোঁটের কোন, মুগ্ধচোখ, রসিকমন, কাতুকুতু, লাজুক ঠোঁট।


নিখোঁজ হওয়ার আগে বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন।চিকিৎসকেরা বলেছেন মানসিক অবসাদের কারণ পাগলামি নয়।কারা যেন তার মনের দুয়ারে তালা দিয়ে চাবিকাঠি নিয়ে চলে যাওয়ায় তিনি বেশ কিছুকাল প্রিয় খাদ্য আবেগ না পাওয়ার হতাশায় দুর্দশাগ্রস্ত মাত্র। কেউ সন্ধান দিতে পারলে একমুখ মুক্তঝরা হাসি পুরস্কার হিসেবে দেওয়া হবে।


সন্ধান জানাবার ঠিকানা : স্পেশাল সুপারিনটেনডেন্ট অব মাইন্ড, এম আই ডি( মাইন্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট), হৃদয় ভবন, ক্যালের কাছে -১০১.
বি:দ্র:
বাইপাশ সার্জারি জংশন থেকে মাত্র পাঁচ লাব ডুব  হাঁটা পথ।নিলয় কমপ্লেক্সর পশ্চিমে এবং অলিন্দ এপার্টমেন্টের পূর্বে।




কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

বি: দ্র:
কবিতাটি আমার ২০০৮ সালে প্রকাশিত ' আমি আসছি' বইটিতে আছে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : তোর ঐ

কবিতা : আমি আসছি

কবিতা : আমি মানুষ হতে পারিনি