কবিতা : শরৎ বাবু তুমি কোথায় ?





শরৎ বাবু তুমি কোথায় ? একটিবার এসো প্লীজ ----
এদিকে যে তোমার দেবদাসকে নিয়ে হৈ হৈ কাণ্ড রৈ রৈ
ব্যাপার। বিন্দুমাত্র উত্তাপ তুমি পেয়েছো কি ?
তুমি কি জানো তোমার দেবদাস ঝড় তুলেছে। বোকাবাক্সের বেশকিছু চ্যানেলে তোমার দেবদাসকে নিয়ে তর্ক- বিতর্ক আলোচনা  সমালোচনা জনমত সমীক্ষা ------ বাদ যায়নি কিছুই। বলিউড থেকে ঢেউ এসে আছড়ে পড়েছে কলকাতার কফি হাউস থেকে শুরু করে বাঁকুড়ার নিমাইয়ের পান গুমটির সামনের জটলায়, এমনকী মফস্বল শহর গড়বেতার সমরের চা
দোকানের আড্ডায় ---- তারপর মেঠোপথ ধরে সাপদহ--গোলাহাট--বীরঘষা -- চাঁদাবিলা কিংবা শিলাইয়ের বুকচিরে  নোহারি-- নরহরিপুর --চমকাইতলা অথবা মোলডাঙ্গার সূর্যমুখী ও  ধাদিকার দূরবীনের  সাহিত্যে আসরে।সেদিন একটি বাংলা চ্যানেল এ জনমত সমীক্ষা দেখছিলাম।দেখলাম পোষ্টারের এক কোণে থাকা তোমার ছবিটাকে চিনতেই পারলোনা কেউই ? 'দেবদাস ' কার লেখা -- এই প্রশ্নের উত্তরে দু একজনমাত্ৰ তোমার নাম বলেছে।
কেউ বলেছে সত্যজিৎ রায়---কেউ বলেছে মহাশ্বেতা দেবী -- কেউ বলেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়--- কিন্তু তোমার নাম মনে আসে নি।
আচ্ছা শরৎ বাবু তোমার কাছে দু-একটা কথা  বড় জানতে ইচ্ছে করে --- তোমার দেবদাসের মনে  যে অক্সফোর্ড যাওয়ার ইচ্ছে ছিল তা তুমি ঘুর্ণাক্ষরে জানতেও পারলে না।যাই হোক শেষমেষ  বনশালী  সাব ------ আমরা আনন্দে  গদগদ !
চন্দ্রমুখী - পার্বতী যদি একসাথে একটু নাচানাচিই করতো তাতে কি মহাভারত অশুদ্ধ হতো শুনি।
 তোমার পার্বতী - চন্দ্রমুখীর যে লাখ লাখ টাকা দামি শাড়ি পড়ার ইচ্ছে পুরণ হয়েছে তা কি  তুমি দেখেছো ? আর এক দেবদাস সৌমিত্রদা র কাছে জানতে ইচ্ছে করে তারও কি  অক্সফোর্ড  যাবার ইচ্ছে হয়েছিল।
কান,হেলসিঙ্কির পর  এবার তোমার দেবদাস  এগিয়ে চলেছে অস্কারের পথে।
মাধুরী আছে।শারুখ আছে । ঐশ্বর্য আছে।জ্যাকি আছে।। আছে আছে বনশালী।তুমি কোথায় ?


----------------
কবি :  ডঃ গৌতম কুমার মল্লিক


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : তোর ঐ

কবিতা : আমি আসছি

কবিতা : আমি মানুষ হতে পারিনি