কবিতা : এই ছেলেটি সেই ছেলেটি
এই ছেলেটি সেই ছেলেটি
যেই ছেলেটি রাত জেগেছে
লম্ফ জ্বেলে।
এই ছেলেটি সেই ছেলেটি
যেই ছেলেটি স্কুলের পথে
ভিজেছে জলে।
এই ছেলেটি সেই ছেলেটি
যেই ছেলেটি মনে মনে গুনগুনিয়ে
গাইতো গান।
এই ছেলেটি সেই ছেলেটি
যেই ছেলেটি পড়ার ফাঁকে মজুর হয়ে
রুয়তো ধান।
এই ছেলেটি সেই ছেলেটি
যেই ছেলেটির বুকের পাঁজর
যাচ্ছে গোনা।
এই ছেলেটি সেই ছেলেটি
যেই ছেলেটির সার্টিফিকেট বলছে নাকি
খাঁটি সোনা।
এই ছেলেটি সেই ছেলেটি
যেই ছেলেটি ডিগ্রি নিয়েও
ঘুঘনি বেচে।
এই ছেলেটি সেই ছেলেটি
যেই ছেলেটির রক্তে মিশে
শিক্ষা বাঁচে।
-----//---------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন